চট্টগ্রামে উদীচীর জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
উদীচী শিল্পীগোষ্ঠীর জঙ্গিবাদবিরোধী সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে। জঙ্গিবাদ নির্মূলে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদ।
উদীচী চট্টগ্রামের সভাপতি চন্দন দাশের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ, খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রূপক চৌধুরী, কবি কামরুল হাসান বাদল, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচীর সহসভাপতি সুনীল ধর প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করছে একটি চক্র। জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্তরের মতো এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই।
সমাবেশে উদীচী, অভ্যুদয়, বোধন, প্রমাসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত এবং আবৃত্তি পরিবেশন করেন।