চট্টগ্রামে উদীচীর পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, গুণীজন সংবর্ধনা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান এবং নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন। দুই দিনব্যাপী অনুষ্ঠানের গতকাল শুক্রবার ছিল উদ্বোধনী দিন।চট্টগ্রাম নগরের ডিসি হিল (নজরুল স্কয়ার) প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম জেলা সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধনীর আগে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা গণসংগীত ‘উদীচী এমনই এক আয়না’ পরিবেশন করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সাম্প্রদায়িক শক্তির হাতে নিহতদের স্বজনেরা। পরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা সম্মেলন উপলক্ষে তিন গুণীজনকে সংবর্ধনা দেন উদীচীর চট্টগ্রাম জেলা সংসদ। সংবর্ধিত ব্যক্তিরা হলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা মাস্টার দা সূর্য সেনের সঙ্গী প্রয়াত অনঙ্গ সেন, বাংলাদেশ বেতারশিল্পী মৃণাল ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ চৌধুরী জহিরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ। আজ শনিবার সকাল নয়টায় নন্দনকাননের ফুলকির এ কে খান মিলনায়তনে আয়োজন করা হয়েছে সাংগঠনিক অধিবেশনের।