চট্টগ্রামে উদীচীর মিছিল সমাবেশ
গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ নূরের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উদীচী। সমাবেশে উদীচীর সদস্য আরিফের ওপর হামলার জন্য যুদ্ধাপরাধীদের দোসর মৌলবাদীদের দায়ী করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদ টিপু, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি আরিফউল্লাহ হাই, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবিব এবং উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক প্রসূন চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর।
সমাবেশে বক্তারা বলেন, ‘যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আরিফ নূর। এখনো রাজাকারদের বিচারের জন্য রাজপথে লড়াই, সংগ্রাম করছেন তিনি। এই অবস্থায় তাঁর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা মনে করি, এ ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত।’