চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি অগ্নিনির্বাপনকেন্দ্রে উদ্ধারযান ও অ্যাম্বুলেন্স সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে লেখালেখি হলেও এর কোনো সমাধান মিলছে না বলে জানা গেছে। এ অবস্থায় আজ রোববার থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্ধারযান এবং নগরবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসীম উদ্দীন। জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিটি অগ্নিনির্বাপনকেন্দ্রের জন্য উদ্ধারযান ও অ্যাম্বুলেন্স সরবরাহের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১২ট অগ্নিনির্বাপনকেন্দ্রের মধ্যে আগ্রাবাদ ছাড়া বাকি ১১টিতে কোনো নিজস্ব উদ্ধারযান (র্যাকার ভ্যান) নেই। এদিকে নগরের আটটি অগ্নিনির্বাপনকেন্দ্রের জন্য বরাদ্দ রয়েছে মাত্র দুটি অ্যাম্বুলেন্স। এ দুটি রয়েছে আগ্রাবাদ ফায়ার স্টেশনে। এর মধ্যে একটি পুরোনো ও একটি নতুন। পুরোনো অ্যাম্বুলেন্সটি প্রায় চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে।