চট্টগ্রামে উদ্যাপিত হলো ঈদুল আজহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসাহ-উদ্দীপনায় চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। গত শনিবার ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়েই শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় নগরের জমিয়াতুল ফালাহ প্রধান ঈদগাঁ প্রাঙ্গণে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কেন্দ্রীয় ঈদের জামাত কমিটির উদ্যোগে আরেকটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নগরের আউটার স্টেডিয়ামে। চট্টগ্রাম নগরে এবার সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২৩৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লির সমাগম ঘটে। সেখানে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, চট্টগ্রামের মেয়র এম মন্জুর আলম, সাংসদ নূরুল ইসলাম বিএসসি, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মীর মো. নাছিরউদ্দিন চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।