চট্টগ্রামে উন্নয়ন মেলা শুরু হচ্ছে সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে উন্নয়ন মেলা। তিন দিনব্যাপী এই মেলায় সরকারি ও আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১০০ স্টল তাদের নিজ নিজ কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবে। চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে উন্নয়ন মেলার আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
পবন চৌধুরী বলেন, উন্নয়ন মেলার মাধ্যমে বিভিন্ন সংস্থা যেমন তাদের কর্মকাণ্ড তুলে ধরতে পারবে, তেমনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজও করতে পারবে। সরকারি কর্মকর্তাদের বিনয়ী হওয়ার পরামর্শ দিয়ে পবন চৌধুরী বলেন, সেবা জনগণের অধিকার। সেবা কখনো দয়া নয়। বেজার কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামে বন্দর আছে, বিমানবন্দর আছে। সবকিছু আছে। সে জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলটি চট্টগ্রামের মিরসরাইতে হবে। এ ছাড়া আনোয়ারায় ৮০০ একর এলাকা নিয়ে হচ্ছে অপর একটি অর্থনৈতিক অঞ্চল। আনোয়ারার এই অঞ্চলে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীন। এতে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে।
মেলার আয়োজনে সবার সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক বলেন, প্রতিটি সংস্থা নিজ নিজ কর্মকাণ্ড তাদের স্টলের মাধ্যমে জনগণকে অবহিত করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।