চট্টগ্রামে উন্নয়নকাজ করতে চসিকের ছাড়পত্র লাগবে
চট্টগ্রামে যেকোনো সরকারি সংস্থা উন্নয়ন প্রকল্প পরিচালনা করতে চাইলে সিটি করপোরেশনের (চসিক) ছাড়পত্র নিতে হবে। সিটি করপোরেশনই ঠিক করে দেবে কখন, কোন সংস্থা কোন প্রকল্পের কাজ করবে। একই সঙ্গে সংস্থাগুলোকে তাদের সব কাজ করপোরেশনের সঙ্গে সমন্বয় করে করতে হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ওয়াসাসহ নানা সরকারি সংস্থা সিটি করপোরেশনকে না জানিয়ে বিভিন্ন উন্নয়নকাজ করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে। মেয়র নিজেও এমন অভিযোগ করে আসছেন। এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার বিভাগ আজ চিঠি দিয়ে সমন্বয়ের বিষয়টি যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক গতকাল প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়মিত সমন্বয় সভার আয়োজন করে। আর ওই সভার সভাপতি মেয়র। তাই অবশ্যই সংস্থাগুলোকে সভাপতিকে বিষয়গুলো জানাতে হবে। এটা তো পরিপত্রেও বলা আছে। তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার (আজ) চিঠি দিয়ে সবাইকে বিষয়টি জানিয়ে দেব। এ ছাড়া এটাও জানতে চাইব, কেন তারা নিজের ইচ্ছেমতো প্রকল্প নিচ্ছে।’
সিটি করপোরেশনের সঙ্গে সেবা প্রদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরের সমন্বয় বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পরিপত্রে বলা হয়েছে, সিটি করপোরেশনের আমন্ত্রণে সংস্থাগুলো সভায় যোগদান করে সভায় গৃহীত সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এ ছাড়া বাস্তবায়ন অগ্রগতি সিটি করপোরেশনকে জানাবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সমন্বয়হীনতার বিষয়টি জানিয়ে গত সপ্তাহে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেন। চিঠিতে বলা হয়, সংস্থাগুলোর সঙ্গে সিটি করপোরেশনের সমন্বয় না থাকায় চলমান উন্নয়ন কার্যক্রমের কারণে জলাবদ্ধতা, জনদুর্ভোগসহ নানা সমস্যা হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
স্থানীর সরকার বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ নিতে দীর্ঘদিন ধরে তাগাদা দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই পরামর্শ উপেক্ষা করে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নগরের জলাবদ্ধতা দূর করতে যার যার মতো প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিচ্ছে। এই সমন্বয়হীনতার কারণে কাজের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে।