চট্টগ্রামে উপজেলা হাসপাতালগুলোয় জোড়াতালিতে চলছে অ্যাম্বুলেন্স
চট্টগ্রামের ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আনা-নেওয়ার ১৮টি অ্যাম্বুলেন্স অচল অবস্থায় পড়ে রয়েছে। এগুলো এখন ব্যবহার অনুপযোগী। এর বিপরীতে ১৩টি অ্যাম্বুলেন্স সচল থাকলেও বেশির ভাগই পুরোনো। এগুলো মাঝে মাঝে বিকল হয়ে পড়ে। ফলে উপজেলা থেকে শহরের হাসপাতালে রোগী আনতে দুর্ভোগ পোহাতে হয়।জানা গেছে, সন্দ্বীপ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি এখন অচল। ফলে সন্দ্বীপের জরুরি রোগীদের চট্টগ্রাম আসার জন্য নির্ভর করতে হয় ট্রলারের ওপর। একইভাবে সীতাকুণ্ড, মিরসরাই, বোয়ালখালী ও বাঁশখালীর অ্যাম্বুলেন্স জোড়াতালি দিয়ে চলছে। এ ছাড়া চন্দনাইশের দোহাজারী ও রাউজানের সুলতানপুরে ৩১ শয্যাবিশিষ্ট দুটি হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই। জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এস এম তবারক উল্লাহ বলেন, ‘আমাদের অ্যাম্বুলেন্স অনেক পুরোনো। প্রায়ই নষ্ট হয়ে পড়ে। ফলে সমস্যায় পড়তে হয়। তখন সদর হাসপাতালে রোগী পাঠাতে বেসরকারি অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহনের ওপর নির্ভর করতে হয়।’খোঁজ নিয়ে দেখা গেছে, মিরসরাই, বোয়ালখালী, রাউজান, সাতকানিয়া ও ফটিকছড়িতে দুটি করে অ্যাম্বুলেন্স নষ্ট পড়ে রয়েছে। পুরোনো এসব অ্যাম্বুলেন্স অনেক দিন ধরে বিকল অবস্থায় রয়েছে। অবশ্য এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে সচল অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু সেগুলোও নিয়মিত চলাচল করতে পারে না। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা বিভূতিভূষণ ভৌমিক বলেন, ‘আমাদের একটি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি ঠিকমতো চলে না। তাই আমাদের একটি নতুন অ্যাম্বুলেন্স দরকার।’ফটিকছড়ির অ্যাম্বুলেন্সও পাঁচ-ছয় বছরের পুরোনো বলে জানা গেছে। প্রসঙ্গত, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগে প্রসূতি সেবার জন্য বিখ্যাত। এই কমপ্লেক্সটি বার বার এই বিভাগে প্রথম হয়ে আসছে। ফলে অনেক জটিল রোগীকে নিয়মিত চট্টগ্রামে পাঠাতে হয়। তাই এখানে আরেকটি অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা রয়েছে বলে চিকিৎসকেরা জানান।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশীষ দত্ত বলেন, ‘আমার এখানে প্রসূতি রোগীর চাপ বেশি। প্রায় প্রতিদিনই একটিমাত্র অ্যাম্বুলেন্সকে চট্টগ্রাম যেতে হয়। তাই একটি অ্যাম্বুলেন্স যথেষ্ট নয়।’লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সও জোড়াতালিতে চলছে বলে জানা যায়। তবে চন্দনাইশ ও আনোয়ারার অ্যাম্বুলেন্স অনেকটা নতুন বলে জানা গেছে। বছর খানেক আগে এখানে অ্যাম্বুলেন্স দেওয়া হয়। অ্যাম্বুলেন্স নিয়ে সমস্যার কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, ‘বাঁশখালী, মিরসরাই, সীতাকুণ্ড বোয়ালখালীর অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যায় বার বার। আমরা বার বার অ্যাম্বুলেন্সের জন্য লিখেছি। কিন্তু এখনো বরাদ্দ পাইনি। এ ছাড়া দোহাজারীর জন্য একজন চালকের পদসৃষ্টিসহ অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য লিখেছি।’