চট্টগ্রামের বেশির ভাগ উপজেলার প্রসূতিদের জরুরি সেবার জন্য এখনো নির্ভর করতে হয় নগর হাসপাতালের ওপর। পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও চিকিৎসক না থাকায় চট্টগ্রামের মাত্র চারটি উপজেলা ছাড়া বর্তমানে অন্যগুলোতে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ ছাড়া চালু থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের কোনো সুযোগ নেই।খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে ছয়টি জরুরি প্রসূতি সেবাদানের উপযোগী বা ইওসিভুক্ত। এগুলো হলো মিরসরাই, বাঁশখালী, পটিয়া, লোহাগাড়া, ফটিকছড়ি ও বোয়ালখালী। কিন্তু বর্তমানে প্রথম চারটিতে মাঝেমধ্যে প্রসূতিদের অস্ত্রোপচার করা হচ্ছে। বাকি দুটিতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। এ ছাড়া চালু চারটিতে প্রতিদিন অস্ত্রোপচার হয় না। পাশাপাশি ২৪ ঘণ্টা অস্ত্রোপচারেরও ব্যবস্থা নেই। ফলে গ্রামের প্রসূতিদের এখনো শহরের ওপর নির্ভর করতে হয়।বিষয়টি স্বীকার করে জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, উপজেলায় যথাসম্ভব সেবা দেওয়া হয়। যেসব উপজেলায় ইউসি সেবা নেই, সেখানকার রোগীদের সদর হাসপাতাল কিংবা পার্শ্ববর্তী উপজেলায় যেতে হচ্ছে।সিভিল সার্জন আরও বলেন, ‘আমার ইওসিভুক্ত উপজেলা ছয়টি। বর্তমানে চারটিতে ভালো কাজ হচ্ছে। অন্যগুলোতে রোগী পাওয়ার ওপর অস্ত্রোপচার হয়। এ ছাড়া আমরা প্রসূতি-পূর্ব ও উত্তর সেবা খুব ভালোভাবে দিয়ে থাকি। যার কারণে মাতৃমৃত্যুর হার কম।’ সবচেয়ে বেশি অস্ত্রোপচার করা হয় ফটিকছড়িতে। কিন্তু দুই মাস ধরে চিকিৎসকের অভাবে এখানে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। অথচ উপজেলাটি প্রসূতিসেবার ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের ছয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কিন্তু এখন এসব উপজেলার রোগীদের নির্ভর করতে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও জেনারেল হাসপাতালের ওপর। বিষয়টি স্বীকার করে চমেক হাসপাতালের প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব আলম বলেন, ‘এখানে বিভিন্ন উপজেলা থেকে প্রসূতি আসে। যার কারণে উপচে পড়া ভিড় থাকে। আমাদের এখানে শয্যা রয়েছে ৫৫টি। কিন্তু রোগী থাকে শতাধিক।’