চট্টগ্রামে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের আগে নগর আওয়ামী লীগের দুই পক্ষের কোন্দল মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দলের প্রবীণ দুই সাংসদ আখতারুজ্জামান চৌধুরী ও মোশারফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে উভয় পক্ষের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে দল ও অঙ্গসংগঠনের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশিক্ষিত নাবিক তৈরির স্নাতক মানের প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমির এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শনিবার চট্টগ্রাম আসছেন। সকালে মেরিন একাডেমিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আসবেন সার্কিট হাউসে। এখানে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।দলীয় সূত্র জানায়, সম্প্রতি নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীনকে কেন্দ্র করে দলে দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। দলের এই দুই নেতাকে কেন্দ্র করে নগর আওয়ামী লীগে নতুন মেরুকরণ ঘটে। মহিউদ্দিনের সঙ্গে নতুন করে যোগ দেন দলীয় সাংসদ এম এ লতিফ, আজম নাছির উদ্দিনসহ প্রভাবশালী কয়েকজন নেতা।একইভাবে নুরুল ইসলাম-আফছারুল আমীনের পক্ষ নেন দলের নগর কমিটির অর্থ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, যুগ্ম সম্পাদক আইনজীবী ইব্রাহিম হোসেন। এ দুজন আগে মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। দলের এই দ্বিধাবিভক্তি মাঠের রাজনীতিতেও ছড়িয়ে পড়ে। এক পক্ষ অন্য পক্ষকে বাদ দিয়ে সমাবেশ-পাল্টা সমাবেশ করছে। কিছুদিন আগে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনাও ঘটেছে। জানা গেছে, ১২ ফেব্রুয়ারি ঢাকায় দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে চট্টগ্রাম নগর কমিটির কোন্দল ও বহিষ্কার-পাল্টা বহিষ্কারের বিষয়টি আলোচনা হয়। শেখ হাসিনা বৈঠকে মহিউদ্দিনকে সঙ্গে রেখে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামে দলের কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দেন। এরপর চট্টগ্রামে সফরসূচি চূড়ান্ত হলে শেখ হাসিনা বিবদমান উভয় পক্ষের সঙ্গে বৈঠক করার আগ্রহ দেখান। বৈঠকে উভয় পক্ষের নেতাদের উপস্থিতি নিশ্চিত করতে এবং তাঁদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে দলের প্রবীণ দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়।সাংসদ আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা একত্রে বসতে সম্মতি দিয়েছেন। সার্কিট হাউসের বৈঠকে শেখ হাসিনা সম্ভবত চট্টগ্রামের রাজনীতির ব্যাপারে দিকনির্দেশনা দেবেন। এরপর আমরা বসে সব ঠিক করে নেব।’ সাংসদ মোশারফ হোসেন দেশের বাইরে আছেন।দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা জানান, সার্কিট হাউসের বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলার ২৫ জন করে মোট ৭৫ জনের একটি তালিকা করা হচ্ছে। তাঁরা শেখ হাসিনার সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সর্বোচ্চ ৯০ জন বৈঠক করতে পারেন। এ কারণে উপস্থিতির তালিকা সংক্ষিপ্ত করা হচ্ছে।