চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে ঈদ উদ্যাপিত
এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে চট্টগ্রামে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী। ঈদের জামাতে শরিক হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় একই মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম আল্লামা মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।
দুটি ঈদ জামাতে কয়েক হাজার মুসুল্লি শরিক হন। নামাজ শেষে তাঁরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের লালদীঘি শাহি জামে মসজিদ, আরেফিননগর জামে মসজিদসহ ৪১টি ওয়ার্ডে প্রায় ১৫৫টি স্থান ও মসজিদে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।