চট্টগ্রামে উড়ালসেতু নির্মাণে সবার সহায়তা চেয়েছে সিডিএ
চট্টগ্রামে পাঁচটি উড়ালসেতু (ফ্লাইওভার) নির্মাণের কাজে সবার সর্বাত্মক সহায়তা চেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বুধবার সংস্থাটির নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সহায়তা চাওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে বহদ্দারহাট জংশনে উড়ালসেতু নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে পরামর্শক নিয়োগ এবং প্রকল্প এলাকায় মৃত্তিকা পরীক্ষা শেষ হয়েছে। উড়ালসেতু নির্মাণের জন্য দ্রুত ঠিকাদার নিয়োগ করা হবে। একই প্রক্রিয়ায় আরও চারটি উড়ালসেতু নির্মাণের কাজ শুরু করা হবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাণিজ্যিক রাজধানী ও দেশের বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে দ্রুত বর্ধনশীল চট্টগ্রাম নগরের যানবাহন চলাচল ও নিয়ন্ত্রণে নগরের পাঁচটি গুরুত্বপূর্ণ জংশনে উড়ালসেতু নির্মাণের জন্য সিডিএ প্রকল্প গ্রহণ করে। গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী পাঁচটি উড়ালসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।