চট্টগ্রামে উড়ালসড়কে দুর্ভোগ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে উড়ালসড়ক নির্মাণের ফলে যানজট নিরসন হয়নি; বরং জনগণের দুর্ভোগ বেড়েছে—এ অভিযোগ করেছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম নামের একটি সংগঠন। উড়ালসড়ক নির্মাণের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছে ফোরাম।


‘চট্টগ্রামের ট্রাফিক সমস্যা ও উড়ালসড়কের যথার্থতা’ নিয়ে আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া। চট্টগ্রামের যানজট নিরসনে চারটি অবশ্য করণীয় বিষয় উপস্থাপন করা হয়।

লিখিত বক্তব্যে সড়কপথ বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া বলেন, ‘বিশ্বের কোথাও সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ছাড়া কোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয় না। কারণ, এতে শুধু উন্নয়ন ব্যাহত হয় না; নৈতিক অধঃপতনও হয়।’ তিনি বলেন, ‘চট্টগ্রামে উড়ালসড়ক নির্মাণের আগেই আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম, সম্ভাব্যতা যাচাই ছাড়াই যেসব উড়ালসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে, তাতে টাকার অপচয় হবে এবং চট্টগ্রামবাসীর সার্বিক কল্যাণে আসবে না। বহদ্দারহাট উড়ালসড়ক উন্মুক্ত করে দেওয়ার পর আমাদের উদ্বেগ সঠিক প্রমাণিত হয়েছে।’

সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, জনগণকে ধোঁকা দিয়ে চমক সৃষ্টি করার জন্য এসব প্রকল্প নেওয়া হচ্ছে। এটি মানুষকে চমকে দিয়ে ভোট আদায়ের কৌশলমাত্র। এতে দেশীয় সম্পদের অপব্যবহার হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে জানানো হয়, চট্টগ্রাম নগরে উড়ালসড়ক করার মতো সমপরিমাণ যানবাহন চলাচল করে না। উড়ালসড়ক নির্মাণে যে বিশাল অঙ্কের টাকা ব্যয় করা হচ্ছে, তার সিকি ভাগ টাকা যদি সুষ্ঠু পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য খরচ করা হয়; তা হলে চট্টগ্রাম নগরের যানজট সমস্যা অনেকাংশ কমানো সম্ভব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক জেরিনা হোসেন, সহসভাপতি প্রকৌশলী এ বি এম এ বাসেত ও স্থপতি বিধান বড়ুয়া, শিক্ষক সুমাইয়া জামাল ইসলাম, নির্বাহী সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শাহরিয়ার খালেদ প্রমুখ।