চট্টগ্রামে উড়োজাহাজ থেকে ১০৭ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ১০৭ কেজি ওজনের প্রায় ৪৬ কোটি টাকা মূল্যের ৯২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। বিমানবন্দর শুল্ক বিভাগ জানায়, দোহা-দুবাই হয়ে বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বেলা ১১টায়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শুল্ক কর্মকর্তারা সাত যাত্রীর আসন এবং কয়েকটি খালি আসনের নিচ থেকে ৯২৩টি সোনার বার উদ্ধার করেন। এসব আসনের যাত্রীদের আটক করা হয়। আটক সাতজন হলেন শফিক ইসলাম, পেয়ারুল ইসলাম, মো. ইয়াকুব, মহিন উদ্দিন, নাহিদ তালুকদার, মনসুর ইসলাম ও ইমতিয়াজ খান।
উদ্ধার হওয়া সোনার বার গণনা শেষে বেলা আড়াইটার দিকে সংবাদ ব্রিফিংয়ে কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক বলেন, সাম্প্রতিক সময়ে এই বিমানবন্দরে আটক হওয়া সোনার বারের এটি সবচেয়ে বড় চালান।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম প্রথম আলোকে বলেন, হাসান মাহমুদ, ফয়সাল ও রহিম শিকদার নামে তিন ব্যক্তি চট্টগ্রাম থেকে এই উড়োজাহাজে করে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সোনার বার আটকের খবরে তাঁরা যাত্রা বাতিল করেন। এতে সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে শুল্ক বিভাগের কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়।
অবশ্য হাসান মাহমুদ দাবি করেন, বিলম্বের কারণে তাঁরা যাত্রা বাতিল করেছেন।