চট্টগ্রামে উড়োজাহাজে আগুন মুহূর্তেই হাজির উদ্ধারকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ বিকট শব্দ, এরপর দাউ দাউ করে আগুন ধরে গেল বিশালাকৃতির একটি উড়োজাহাজে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে বেজে উঠল বিমানবন্দরের সতর্ক ঘণ্টা। আগুনের লেলিহান শিখা আর কুণ্ডলি পাকানো ধোঁয়া ওঠার দৃশ্য দেখা গেল অনেক দূর থেকে। শুরু হয়ে গেল বিমানবন্দরে লোকজনের ছুটোছুটি, হইচই। সাত-আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী, নৌবাহিনী আর বিমানবাহিনী হাসপাতালের অ্যাম্বুলেন্স ভর্তি চিকিৎসক ও সেবিকা। র্যাব-পুলিশসহ নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁদের কেউ ঝাঁপিয়ে পড়েন উড়োজাহাজের আগুন নেভাতে, আর কেউ উড়োজাহাজের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠাতে শুরু করেন। বিমানের হতাহত ৭০ জন যাত্রীকে এভাবে উদ্ধার করা হয়।গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজ অবতরণস্থলে (টারমাক) এই দৃশ্য দেখা গেল। তবে সত্যিকার কোনো বিমান দুর্ঘটনার দৃশ্য নয় এটি; বিমানবন্দরে অবতরণের মুহূর্তে কোনো উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে তাতে আগুন ধরে গেলে ভয়াবহ ওই পরিস্থিতিতে যাত্রীদের কীভাবে উদ্ধার করা হবে, তার মহড়ার দৃশ্য ছিল এটি। এ মহড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম সাইদুল হাসান খান, পরিচালক আজাদ জহিরুল ইসলাম প্রমুখ।বিমানবন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়া (এয়ারপোর্ট ইমারজেন্সি ড্রিল) করার নিয়ম আছে। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চালুর পর গত ১০ বছরে এটাই ছিল প্রথম মহড়া।বিমানবন্দরের মহাব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সাধারণত নিজস্ব আগুন নেভানোর যন্ত্রপাতি দিয়ে সময়ে সময়ে মহড়া করে থাকি । কিন্তু বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট অনেকগুলো সংস্থাকে নিয়ে বড় আকারে একটি সমন্বিত মহড়া অনুষ্ঠান এটিই প্রথম। এখন থেকে দুই বছর অন্তর এই ধরনের মহড়া করা হবে।মহড়ার অভিজ্ঞতা প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন সাইদুল হাসান খান প্রথম আলোকে বলেন, এখানে হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন কিছুটা দূরে বলে সত্যিকার দুর্ঘটনা ঘটলে উদ্ধারকারী দলের ঘটনাস্থলে আসতে কিছুটা দেরি হতে পারে। এ কারণে বিমানবন্দরের কাছের বিমানবাহিনী-নৌবাহিনীর হাসপাতাল ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহায়তা নিতে হবে।নতুন করে নির্মিত চট্টগ্রাম শাহ আমানত (আগের এম এ হান্নান) আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু হয় ২০০১ সালে। বর্তমানে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন সরকারি-বেসরকারি এয়ারলাইনস ছাড়াও পাঁচটি বিদেশি বিমান সংস্থার উড়োজাহাজ ওঠানামা করছে এ বিমান বন্দরে। বাংলাদেশ বিমানের উড়োজাহাজ চট্টগ্রামের এই বিমানবন্দর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যের চারটি দেশে প্রতিদিন যাতায়াত করছে।