চট্টগ্রামে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে বেড়েছে। গ্রামের চেয়ে শহরের লোকজনই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া গেছে। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত বছরের তুলনায় এবার দুই গুণের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ফয়েজ আহমদও কিছুদিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুধু আগস্ট মাসে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। গত বছর একই মাসে এই সংখ্যা ছিল ১১ জন। হাসপাতালের মেডিসিন ও শিশুস্বাস্থ্য ওয়ার্ডে এসব রোগীকে চিকিৎসা দেওয়া হয়। সাধারণত জুলাই-আগস্ট মাসে এই রোগ বেশি দেখা দেয় বলে জানা গেছে।নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। তবে বিভিন্ন চিকিৎসকের চেম্বারে আক্রান্ত রোগী বেশি যাচ্ছে বলে জানা গেছে। বেশি গুরুতর না হলে আক্রান্ত রোগীরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে যেসব রোগী ভর্তি হয়েছে, তারা সুস্থ হয়ে কেউ কেউ বাড়ি ফিরেছে। ডেঙ্গু সম্পর্কে আমাদের সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে শিক্ষিত ও শহরের লোকদের এই সংকটটা বেশি।’নগরের সেন্টার পয়েন্ট হাসপাতাল, হলি ক্রিসেন্ট হাসপাতাল, সেবা হাসপাতাল, রয়েল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে না উল্লেখ করে জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘উপজেলায় কোনো ডেঙ্গু রোগী নেই। কিন্তু নগরে এর প্রকোপ বেড়েছে। এমনকি কিছুদিন আগে ডিসি মহোদয়ও এই রোগে আক্রান্ত হন। এ জন্য সচেতন হতে হবে।’চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক সৌমেন সরকার বলেন, ‘ডেঙ্গু বিস্তারকারী এডিস মশা শহরের নালা-নর্দমা, ফুলের টব ইত্যাদির মধ্যে জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। যার কারণে বহুতল ভবনের বাসিন্দারাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।’