চট্টগ্রামে এ বছরও আ.লীগের পৃথক বিজয় মেলা
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের নেতারা আবারও পৃথক বিজয় মেলার আয়োজন করতে যাচ্ছেন। নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বাধীন ‘সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ’ লালদীঘি ময়দানে আজ বৃহস্পতিবার থেকে ২০ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে। গতকাল বুধবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।অন্যদিকে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ ১০ ডিসেম্বর থেকে নগরের আউটার স্টেডিয়ামে বিজয় মেলার আয়োজন করেছে। গতকাল সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ’-এর চেয়ারম্যান সাংসদ নুরুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজমসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়েই আমরা প্রথম বিজয় মেলার আয়োজন করি। কিন্তু বছর দুয়েক সে মেলা চলার পর মেলার চরিত্র পাল্টে যায়।’ আজ বৃহস্পতিবার বেলা তিনটায় মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সেনাপ্রধান জেনারেল কে এম সফিউল্লাহ (বীর উত্তম)। এদিকে আউটার স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’।