চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। নগরের মুরাদপুরে শিক্ষাবোর্ড কার্যালয়ের সামনে গতকাল বুধবার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। তবে পরীক্ষার্থী সূত্র জানায়, চট্টগ্রাম বোর্ডের সব পরীক্ষার্থীর ব্যানারে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এইচএসসির বিজ্ঞান বিভাগের পরীক্ষার সময়সূচি ভারসাম্যহীন। এই সময়সূচি মেনে পরীক্ষা দিলে ভালো ফল করা সম্ভব নয়। পরে চিকিৎসাবিজ্ঞান ও প্রকৌশল বিষয়সহ উচ্চতর ডিগ্রিতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরীক্ষার্থীরা ২৭ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানায়। তা না হলে নতুন কর্মসূচির ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।পরীক্ষার্থীরা গণিত ও রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের মাঝখানে কমপক্ষে চার দিন করে, জীববিজ্ঞানে দুটি পরীক্ষার মাঝে তিন দিন করে এবং পদার্থবিদ্যার জন্য দুটি পরীক্ষার মাঝে পাঁচ দিন করে সময় দাবি করে।