চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকালে নগরের জামালখান প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন করেছেন। তাঁরা প্রকাশিত ফলাফলে অসন্তোষ জানিয়ে প্রতিটি উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।ছাত্রছাত্রী ও অভিভাবকদের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে লেখা ছিল, ‘কে দায়ী এর জন্য—ছাত্রছাত্রী, শিক্ষক, নাকি রাজনৈতিক প্রেক্ষাপট?’মানববন্ধনে ছাত্রছাত্রীরা রসায়ন, ব্যবস্থাপনা ও ইংরেজি বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের ওপর জোর দেন। তাঁদের অভিযোগ, উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে তাঁদের ফল খারাপ হয়েছে। তাঁরা উন্নত ভবিষ্যতের নিশ্চয়তা দাবি করেন।হাজী মুহম্মদ মুহসীন কলেজের পরীক্ষার্থী শাহারা বেগম বলেন, ‘আমাদের ফলাফল যথাযথ হয়নি। আমরা পরীক্ষা ভালো দেওয়ার পরও এ ধরনের ফলাফল অনাকাঙ্ক্ষিত।’পাহাড়তলী কলেজের মোবারক হোসেন বলেন, ‘জিপিএ-২.৩ দিয়ে আমরা কোথায় ভর্তি হব? আমাদের পরীক্ষার খাতা দেখাতে হবে।’মানববন্ধন থেকে শিক্ষার্থীরা আজ বুধবার চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, মোস্তফা হাকিম কলেজ, হাজেরা-তুজ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।