চট্টগ্রামে এইডস দিবস পালিত
‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’ শীর্ষক স্লোগান সামনে রেখে নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।
গতকাল সোমবার দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সিভিল সার্জন কার্যালয় এবং বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো এই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। শোভাযাত্রাটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রফিক উদ্দিন চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. অধীর রঞ্জন দাশ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী। এ এস এম জামাল উদ্দিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন ইপসার খালেদা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. নুরুল হায়দার।
এদিকে, দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রিভেনশান অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশান (পিএমটিসিটি) প্রকল্প এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে হাসপাতাল ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মো. জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।