চট্টগ্রামে এইডস দিবস পালিত
‘আসুন ঐক্যের হাত তুলি এইচআইভি প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জেলা সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে কলেজের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর। সেমিনারে প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক সাহানারা চৌধুরী, অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক শামীমা সিদ্দীকা, অধ্যাপক মনছুরুল আলম, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদা বানু, পিএমটিসিটি প্রকল্প ব্যবস্থাপক মো. আলী হোসেন প্রমুখ বক্তব্য দেন।
এদিকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে গতকাল সকালে প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমান। সভায় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম, ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে, বেসরকারি সংস্থা মমতার পরিচালক স্বপ্না তালুকদার, নোঙর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। ইপসার কর্মসূচি ব্যবস্থাপক ফারহানা ইদ্রিস ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমন্বয়কারী নাজমুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।