চট্টগ্রামে এইচআইভি অর্থাৎ এইডসে আক্রান্ত রোগীদের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে চান না। একমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে কিছু রোগী ভর্তি করালেও সেবিকারা সেবা দিতে গড়িমসি করেন বলে অভিযোগ রয়েছে।চট্টগ্রামে এ ধরনের রোগীদের সেবা দেয় দুটি প্রতিষ্ঠান। একটি আশার আলো, অন্যটি হোপ কেয়ার সেন্টার। এই দুই প্রতিষ্ঠানের হিসাবে চট্টগ্রামে বর্তমানে এইচআইভিতে আক্রান্ত রোগীর সংখ্যা চার শতাধিক। এর মধ্যে বেশির ভাগই মধ্যপ্রাচ্য ফেরত। আক্রান্ত রোগীদের মধ্যে ১১২ জন নারী ও ২৯ জন শিশুও রয়েছেন। তাঁরাও তাঁদের স্বামী বা বাবার মাধ্যমে এইচআইভির জীবাণু বহন করছেন।চট্টগ্রামে গত এক বছরে আশার আলো সোসাইটির ১১ সদস্য (রোগী) মারা যান। হোপ সেন্টারে গত দুই বছরে মারা গেছে ৩৬ জন।আশার আলো সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ আলী হোসাইন বলেন, ‘কিছুদিন আগে আমাদের এক রোগী মারা গেছেন। তাঁকে পর্যাপ্ত চিকিৎসা দিতে বেগ পেতে হয়েছে। তবে এখন চট্টগ্রাম মেডিকেলে রোগী ভর্তি করায়। কিন্তু চিকিৎসকদের মতো অন্যান্য কর্মচারীরা সেবা দিতে গড়িমসি করেন।’হোপ কেয়ার সেন্টারের চেয়ারম্যান চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে এইডসের কোনো রোগীকে সেবা দিতে চায় না। তাই আমি বিভিন্নজনের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে এইডস রোগীদের ওয়ান স্টপ সেন্টারের মতো একটি চিকিৎসা সেবাকেন্দ্র শুরু করেছি। বন্ধু-বান্ধবদের সহযোগিতা নিয়ে এত দিন চলেছি। অর্থাভাবে এখন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তবু চালিয়ে যাচ্ছি।’আশার কথা, হোপ কেয়ার সেন্টার নিজস্ব রোগ নির্ণয়কেন্দ্র স্থাপনের জন্য একটি বেসরকারি ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা পেয়েছে। এটির কাজও শুরু হয়েছে। এটা হলে নিয়মিত কিছু পরীক্ষা করা সম্ভব হবে। তবে এইডসের রোগীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিডি-৪ পরীক্ষার জন্য চমেক হাসপাতালই চট্টগ্রামের একমাত্র ভরসা।