চট্টগ্রামে এক কারখানা চার রেস্তোরাঁকে জরিমানা
চট্টগ্রাম নগরের পরিবেশদূষণ ও পচাবাসি খাবার পরিবেশনের দায়ে গতকাল রোববার কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশদূষণের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্প এলাকার একটি টেক্সটাইল মিলকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। আর পচা খাবার পরিবেশনের দায়ে নগরের চকবাজার এলাকার চারটি রেস্তোরাঁকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সীতাকুণ্ডের সানম্যান টেক্সটাইলস লিমিটেড একটি কম্পোজিট শিল্পকারখানা। এতে কোনো বর্জ্য শোধনাগার (ইটিপি) নেই। বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপনের জন্য প্রায় দুই বছর ধরে অধিদপ্তর কারখানাটিকে নোটিশ দিচ্ছিল। পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের পরিচালক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, কারখানা থেকে রাসায়নিক মিশ্রিত দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় কারখানাসংলগ্ন খালে ফেলা হচ্ছিল। এ খাল দিয়ে ওই তরল বর্জ্য বঙ্গোপসাগরে পড়ছে। সানম্যান টেক্সটাইল মিলের তরল বর্জ্য পরিশোধনের জন্য ইটিপির পরিশোধন ক্ষমতা না বাড়ানোয় জরিমানা করা হয় এবং দ্রুত ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়।