চট্টগ্রামে এক কেন্দ্রে এক ভোট, কোথাও শতাধিক
কেন্দ্রে ভোটারের সংখ্যা যেখানে চার হাজার ৪২৭টি, সেখানে বেলা পৌনে ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র একটি! চট্টগ্রাম-১১ আসনের দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মহসিন প্রথম আলোকে এ তথ্য জানান।
চট্টগ্রাম-১১ আসনের দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত যে চিত্র দেখা গেছে, তাতে সব বুথে নির্বাচনী কর্মকর্তারা ছাড়া আর কোনো ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। একই চিত্র দেখা গেছে চট্টগ্রামের এ আসনটির কয়েকটি কেন্দ্রেও। গ্রিন ভিউ মডেল হাইস্কুলে চার হাজার ৭৬৬ ভোটারের মধ্যে এই সময়ে মাত্র একটি ভোট পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা জানান।
চট্টগ্রাম-৯ আসনেও ভোট শুরুর পর প্রথম তিন-চার ঘণ্টায় ভোট পড়েছে একটি বা দুটি। অবশ্য কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা বলেছেন, তাঁদের কেন্দ্রে শতাধিক ভোট পড়েছে। এসব কেন্দ্রে মহাজোটের প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টও খুঁজে পাওয়া যায়নি।