চট্টগ্রামে এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যায় টানা এক ঘণ্টার প্রবল বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে যায় নগরের কয়েকটি সড়ক। বৃষ্টির পানি জমে থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী।

গতকাল শনিবার সন্ধ্যা সাতটা থেকে নগরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাত আটটার দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসে। রাত নয়টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, চকবাজারের কাঁচাবাজার, কাপাসগোলা, এম এম আলী রোড, আগ্রাবাদ ও বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রসিং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নালা ও খালের পানি উপচে বিভিন্ন সড়ক ডুবে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়।

নগরের প্রবর্তক মোড় এলাকায় প্রাইভেট কারের চালক মোহাম্মদ জসিম প্রথম আলোকে বলেন, সন্ধ্যার বৃষ্টিতে প্রবর্তক মোড়ের সড়কে কোমরপানি জমে যায়। গাড়ি নিয়ে রাস্তার ওপর এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। রাত সাড়ে আটটার দিকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

মুরাদপুর এলাকার বাসিন্দা ও পোশাক কারখানার কর্মকর্তা ত্রিদিব ব্যানার্জী গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘কাজীর দেউড়ি থেকে মুরাদপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছি সন্ধ্যা সাড়ে সাতটায়। এখনো ২ নম্বর গেটে গাড়ির জ্যামে আটকে আছি। এখানে কোমরপানি জমে আছে। বাসায় কখন ফিরতে পারব জানি না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, টানা বৃষ্টিতে নগরের কয়েকটি সড়কে কিছু সময়ের জন্য পানি জমে যায়। নালাগুলোর ধারণক্ষমতা কম হওয়ায় সড়কে পানি জমেছে। তবে বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই পানি নেমে যায়।