অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে করা মামলায় এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযুক্ত চিকিৎসক বিধান চন্দ্র রায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু শুনানি শেষে এ অভিযোগ গঠন করেন।
গত বছরের ১২ জানুয়ারি চট্টগ্রাম নগরের হাজারী লেনের ওষুধ ব্যবসায়ী শফিউল আজম বাদী হয়ে চিকিৎসক বিধান চন্দ্র রায় ও তাঁর ছেলে চিকিৎসক বিনিময় চন্দ্র রায়ের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করেন। অভিযোগে উল্লেখ করা হয়, দুই চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে শফিউল আজমের বাঁ পায়ে পচন ধরে। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিয়ে এই ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ।
বাদীর আইনজীবী এনামুল হক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বাদীপক্ষ থেকে দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু জন্য আদালতে আবেদন করা হয়। আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চিকিৎসক বিনিময় চন্দ্র রায়কে মামলা থেকে অব্যাহতি দিয়ে আরেক চিকিৎসক বিধান চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বাদী শফিউল আজম জানান, ভুল চিকিৎসার কারণে তিনি এখনো ভালোভাবে হাঁটতে পারেন না। তিনি দায়ী চিকিৎসকের বিচার চান।