চট্টগ্রামে এক দিনে ১২০ কোটি টাকার রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কর অঞ্চলের আওতাধীন চট্টগ্রাম নগরসহ দুটি জেলা ও দুটি উপজেলায় গতকাল সোমবার আয়কর মেলা থেকে ১২০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গতকাল এক দিনে এসব মেলা থেকে সেবা নিয়েছেন ৩৯ হাজার ৫৩ জন করদাতা। এ নিয়ে গত ছয় দিনে চট্টগ্রাম নগর, জেলা ও উপজেলায় অনুষ্ঠিত আয়কর মেলায় ৪৬২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আয়কর মেলার তথ্য উপব্যবস্থাপনা কমিটি এ তথ্য জানিয়েছে।
গতকাল চট্টগ্রাম নগর ছাড়া খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা এবং প্রথমবারের মতো চট্টগ্রামের সাতকানিয়া ও বোয়ালখালী উপজেলায় আয়কর মেলা হয়েছে। মেলা কমিটি জানায়, গতকাল পৃথক পাঁচটি স্থানে অনুষ্ঠিত আয়কর মেলায় রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৪৯৯ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২০৭ জন।