চট্টগ্রামে এক পোশাক কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সাগরিকা রোডের মেহের গার্মেন্টস নামের তৈরি পোশাক কারখানার তিন হাজার শ্রমিক গতকাল বৃহস্পতিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের নিয়ম ও জবাবদিহির আওতায় আনার কথা বলায় তাঁরা কাজ বন্ধ করে দেন। তবে শ্রমিকেরা বলেছেন, গালাগাল করায় তাঁরা কাজ বন্ধ করে দেন।দুপুরে কারখানার ব্যবস্থাপনা বিভাগ, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ ও পুলিশের যৌথ সভার পর কারখানাটি আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মাস আগে ওই কারখানা লিজ নেয় ইসলাম গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কিছু নিয়ম চালু করে এবং নতুন নিরীক্ষক নিয়োগ দেয়। বিভিন্ন হিসাবপত্র ও কাজের ভুলভ্রান্তি ধরা শুরু হলে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালনকারী কিছু কর্মকর্তা-কর্মচারী তা ভালোভাবে নেননি। তাঁরাই সাধারণ শ্রমিকদের খেপিয়ে তোলেন।এ প্রসঙ্গে ইসলাম গ্রুপের জ্যেষ্ঠ নিরীক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমরা জবাবদিহি ও কিছু নিয়মকানুন চালু করতে গেলে সমস্যার সৃষ্টি হয়। অদক্ষ ব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে মেহের গার্মেন্টস লোকসান গুনছে । এ কারণে আমরা লিজ নেওয়ার পর কিছু নিয়মনীতি প্রবর্তন করতে যাচ্ছি। কিন্তু কিছু লোক এটা মানতে চাচ্ছেন না। তাঁরা আগের নিয়মে চলার জন্য শ্রমিকদের ব্যবহার করছেন।’জানা গেছে, গতকাল সকালে এক শ্রমিক গালাগালের অভিযোগ এনে কর্মকর্তাদের ধাওয়া করেন। এরপর শ্রমিকেরা কাজ বন্ধ করে ভেতরে অবস্থান নেন।বিজিএমইএর সচিব মো. মাঈনুদ্দিন জানান, মেহের গার্মেন্টসে বকেয়া বেতন-সংক্রান্ত কোনো সমস্যা নেই। কিছু নিয়মনীতি ও জবাবদিহির আওতায় কারখানাটি আনতে চাওয়ায় এই সমস্যা হয়েছে।