চট্টগ্রামে এক বছরে ২৩৭টি উত্ত্যক্তের ঘটনা নিষ্পত্তি
চট্টগ্রাম মহানগর এলাকায় গত এক বছরে ২৩৭টি উত্ত্যক্তের ঘটনা নিষ্পত্তি করেছে নগর পুলিশ। পুলিশের তদন্তে জানা গেছে, অষ্টম থেকে উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রীরা উত্ত্যক্তের শিকার হচ্ছে বেশি। তবে এসব ঘটনায় নগরের থানায় কোনো মামলা হওয়ার খবর পাওয়া যায়নি।উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘উত্ত্যক্তের ঘটনায় সংশ্লিষ্ট বখাটের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তারা মুচলেকা দিলে মামলা করা হয় না।’ মুচলেকা দেওয়ার পর একই ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয়বার উত্ত্যক্তের অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দ্বিতীয়বার এমন কিছু করলে অবশ্যই সংশ্লিষ্ট বখাটের বিরুদ্ধে মামলা হবে।’পুলিশ জানায়, উত্ত্যক্তের ঘটনা বন্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে বছর খানেক আগে ‘হেল্পলাইন’ চালু করা হয়। মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) এবং পাঁচলাইশ ও কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনারের তিনটি মুঠোফোনে (নম্বর যথাক্রমে ০১৭১৩-৩৭৩২৫৩, ০১৭১৩-৩৭৩২৫৪ ও ০১৭১৩-৩৭৩২৫৫) ভুক্তভোগীরা খুদেবার্তা পাঠিয়ে সাহায্য নিয়ে আসছে। হেল্পলাইনের ৩৭৩ নম্বরে খুদেবার্তা পাঠালে তাৎক্ষণিকভাবে পুলিশ ফিরতি কল দিয়ে মেয়েটির কাছ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা নথিভুক্ত করে। এরপর বখাটে যুবককে শনাক্তের পর তার পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে মুচলেকা নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মেয়ের পরিচয় পুরোপুরি গোপন রাখা হয়।