চট্টগ্রামে এক বাড়িতে ডাকাতি, এক ডাকাতকে ধরে পিটুনি
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানাধীন শাহ মীরপুর এলাকায় গত বুধবার গভীর রাতে এক প্রবাসীর বাড়ি থেকে ঘরে রাখা টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল ডাকাতি হয়েছে। বাড়ির লোকজন এক ডাকাতকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-২০ জন ডাকাত লোহার গ্রিল কেটে মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল কাশেমের বাড়ির নিচতলায় ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। এরপর তারা দোতলায় গিয়ে আলমিরা, ওয়ারড্রব ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে বলে পরিবারের দাবি। খবর পেয়ে আশপাশের লোকজন বাড়ির সামনে জড়ো হয়। দোতলায় থাকা পরিবারের সদস্যরা একপর্যায়ে বেলাল নামে এক ডাকাতকে আটক করে পিটুনি দেয়। তাকে ছাড়িয়ে নিতে ডাকাতরা কয়েকটি গুলি করলে জড়ো হওয়া লোকজন পিছু হটে। পরে অন্য ডাকাতরা বেলালকে ফেলেই লুণ্ঠিত মালামালসহ পালিয়ে যায়।কর্ণফুলী থানার ওসি আসলাম হোসেন ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসার লোকজন এক ডাকাতকে আটক করে আমাদের হাতে দিয়েছে। ডাকাতির সময় বাসার তিন-চারজন সামান্য আহত হন।’