চট্টগ্রামে এক ব্যবসায়ী নিখোঁজ থানায় জিডি
চট্টগ্রামের মুরাদপুর এলাকার গাড়ির যন্ত্রাংশের এক ব্যবসায়ী গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী গত ৩০ জুলাই পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ ব্যবসায়ীর নাম মো. আলাউদ্দিন (৩৫)। তাঁর বাড়ি খতিবের হাট এলাকায়। নগরের মুরাদপুরে ডিজেলচালিত গাড়ির যন্ত্রাংশ বিক্রির চারটি দোকান রয়েছে তাঁর। গত ২৭ জুলাই রাত ১০টায় ব্যবসায়িক কাজে ঢাকার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। ওই দিন রাত ১২টার পর তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় তাঁর স্ত্রী আলাউদ্দিনের ব্যবসায়িক অংশীদার এম এ হামিদ দিদারকে সন্দেহ করছেন।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী রোকসানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী গত ২৭ জুলাই রাত ১০টায় ঢাকা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তাঁর ব্যবসায়িক অংশীদার এম এ হামিদ দিদারের সঙ্গে ব্যবসায়িক কাজে ঢাকা যাচ্ছেন বলে আমাকে জানিয়েছিলেন। বাসা থেকে বের হওয়ার দুই ঘণ্টা পর রাত ১২টায় তাঁর সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। তখন তিনি দামপাড়া এলাকায় বাসে বসা ছিলেন।’ তিনি জানান, এরপর ভোর পাঁচটায় তাঁর স্বামীর মুঠোফোনে কল করলে তা বন্ধ পান। ওই দিন সকাল ১০টায় তিনি হামিদ দিদারকে ফোন করেন। কিন্তু হামিদ এমনভাবে তাঁর সঙ্গে কথা বলেন যেন তিনি আলাউদ্দিনকে চেনেন না।
তবে হামিদ দিদার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আলাউদ্দিন আমার ছোট ভাইয়ের মতো। ব্যাংক তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাবে। এ কারণে মুঠোফোন বন্ধ রাখতে পারেন। তবে তিনি কোথায় আছেন, সে ব্যাপারে আমিও বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি।’
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘আলাউদ্দিনের স্ত্রী জিডি করেছেন। আলাউদ্দিনের কললিস্ট সংগ্রহের চেষ্টা করছি। এর পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।’