চট্টগ্রামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস আগে সতর্ক করার পরও চট্টগ্রামের মোহরা কামালবাজার এলাকায় আবার চেম্বার খুলে চিকিৎসা ব্যবসা শুরু করেছিলেন আর কে চৌধুরী নামের একজন ভুয়া চিকিৎসক। ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার ওই চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম যূথিকা সরকার কামালবাজারে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ ও পুলিশ সদস্যরা। অভিযুক্ত ব্যক্তি আর কে চৌধুরী সাইনবোর্ড ও ব্যবস্থাপত্রে নিজের নামের পরে ভুয়া ডিগ্রি ‘আরএমপি’ লিখে চেম্বার সাজিয়ে টাকার বিনিময়ে রোগী দেখে আসছিলেন। তাঁর কাছে বিএমডিসির নিবন্ধন এবং সরকার স্বীকৃত কোনো চিকিৎসাবিষয়ক ডিগ্রি নেই। ভ্রাম্যমাণ আদালতকে তিনি পরীক্ষা পাসের কোনো সনদও দেখাতে পারেননি। সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. আশিক আমান জানান, ছয় মাস আগে চিকিৎসাসনদ ছাড়া রোগী দেখার জন্য আর কে চৌধুরীকে ভ্রাম্যমাণ আদালত সতর্ক করেছিলেন। এর পরও তিনি রোগী দেখে আসছিলেন।