চট্টগ্রামে এক শিপইয়ার্ড ও দুই কারখানাকে ৫৫ লাখ টাকা জরিমানা
ঝুঁকিপূর্ণ পরিবেশে জাহাজ কাটা ও পরিবেশ দূষণের দায়ে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় রহিম স্টিল কোম্পানি নামে একটি পুরোনো জাহাজভাঙা প্রতিষ্ঠানকে (শিপইয়ার্ড) ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী (এনফোর্সমেন্ট) এ অভিযান চালান।পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, প্রায় সাত একর জায়গার ওপর স্থাপিত ইয়ার্ডে ২০০৯ সালের ডিসেম্বরে একটি পুরোনো অয়েল ট্যাংকার কাটার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত এবং সাতজন আহত হন। তার পরও জাহাজ কাটার জন্য কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। মুনীর চৌধুরী বলেন, ‘অধিদপ্তরের তদন্তে দেখা যায় ২৬ বছরের পুরোনো এ জাহাজ কাটার জন্য পরিবেশ অধিদপ্তর এবং বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নেয়া হয়নি।’ এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে গত সোমবার কর্ণফুলী নদীর পানি ও পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর বেইস টেক্সটাইল মিলস লিমিটেড ও রিফ লেদার লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করে। এর মধ্যে প্রথমটিকে ৩২ লাখ ও পরেরটিকে আট লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।