চট্টগ্রামে তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীতে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে এক শিশু পুড়ে মারা গেছে। কর্ণফুলী থানাধীন মইজ্জার টেক এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া গতকাল শুক্রবার বিকেলে নগরের জিইসি মোড়ে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন লাগে।জানা গেছে, বৃহস্পতিবার রাতে নগরের দক্ষিণ কাট্টলীর শৈলেন্দ্র সড়কের বাসিন্দা সিদ্দিক আহমদের বাড়ির গোয়ালঘরে আগুন লাগে। এতে গোয়ালে বাঁধা দুটি গরু দগ্ধ হয়ে মারা যায়। আগুন পার্শ্ববর্তী বাসিন্দা আবদুস সাত্তারের বাড়িতে ছড়িয়ে পড়লে সাত্তারের পাঁচ বছরের শিশুকন্যা শারমিন আক্তার পুড়ে মারা যায়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মশা তাড়ানোর জন্য গরুর গোয়ালে দেওয়া ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বসতবাড়ির বাসিন্দারা ঘুমাচ্ছিল। আগুন দেখে তাড়াতাড়ি সবাই বের হয়ে এলেও শারমিন বের হতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে শারমিনদের ঘরসহ পাঁচটি সেমিপাকা বসতঘর পুড়ে যায়। আগুনে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।নগরের মইজ্জার টেক এলাকার একটি দোকানে রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ছয়টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।এদিকে গতকাল বিকেলে ও আর নিজাম সড়কের জিইসি মোড় এলাকায় বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এম এ সালামের চারতলা বাড়িতে আগুন লাগে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। এখানেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।