চট্টগ্রামে এক হাজার ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী-কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রায় এক হাজার ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণী-কার্যক্রম বন্ধ রয়েছে গত প্রায় এক সপ্তাহ ধরে। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ধর্মঘটের ফলে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ জানুয়ারি থেকে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকেরা ১৭ দফা দাবিতে ধর্মঘটে নামেন।এদিকে এক সপ্তাহ কর্মসূচি শেষে আজ শনিবার বিকেলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা হবে। বছরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পড়াশোনা ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরাও হতাশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, বিভিন্ন সময়ে হরতাল-ধর্মঘটের কারণে এমনিতে স্কুল-কলেজে ক্লাস হয় না। আর এখন শিক্ষকেরা ধর্মঘট পালন করছেন। এ অবস্থা কত দিন চলবে কে জানে। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের ধর্মঘট আমাদের এখানে নতুন নয়। আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গত ডিসেম্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা এবং জানুয়ারির প্রথম দিকে বই বিতরণের জন্য কোনো কর্মসূচি রাখিনি। ১২ জানুয়ারি থেকে আমরা ধর্মঘট করছি।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে না। কারণ রমজান, গ্রীষ্মকালীন ও পরীক্ষার ছুটিতে ক্লাস নিয়ে আমরা তাদের পড়াশোনা এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’ জানা গেছে, চট্টগ্রামে বেসরকারি স্কুলের সংখ্যা এক হাজার ২০০টি। বেসরকারি কলেজ রয়েছে ১৮০টি। সেই হিসাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৩৮০টি। এসব প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষক বর্তমান আন্দোলনে জড়িত। শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষকেরা গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় তাঁদের দাবিদাওয়ার সমর্থনে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। বেসরকারি শিক্ষকদের ১৭ দফা দাবির মধ্যে শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন, সরকারি নিয়মে বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, উৎসব ভাতা প্রদান, চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ চালু, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নিয়োগ দিতে আলাদা শিক্ষা সার্ভিস কমিশন গঠন উল্লেখযোগ্য।