চট্টগ্রামে একই স্থানে বিএনপির আলাদা বিক্ষোভ সমাবেশ
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যানবাহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির দুই পক্ষ আলাদা বিক্ষোভ-সমাবেশ করেছে। এক পক্ষের কর্মসূচি চলাকালে আবার নিজেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে প্রথমে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা ও পরে নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কেন্দ্রঘোষিত কর্মসূচিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, পানি, পরিবহন সেক্টরে ভাড়া বাড়ার কারণে সাধারণ মানুষের অবস্থা কাহিল। নাম বদল, মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল ও মানবাধিকার লঙ্ঘন এ সরকারের এজেন্ডায় পরিণত হয়েছে। খসরু আরও বলেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের চেষ্টা করছে। এ দেশের জনগণ আওয়ামী লীগের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় বাধ্য করে মধ্যবর্তী নির্বাচন আদায় করবে বিএনপি। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।খসরুর সমাবেশ চলাকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। নোমান-অনুসারীদের সমাবেশ: এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে একই জায়গায় কর্মসূচি পালন করে নোমানের অনুসারীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমউদ্দিন বলেন, মহাজোট সরকার রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় স্বীকার করে এ সরকারের পদত্যাগ করা উচিত। নইলে গণ-আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটানো হবে।নোমানপন্থীদের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর, আবদুস ছাত্তার, মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবুল হাশেম বক্কর।