চিংড়িঘেরের মালিক সেজে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের ২ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে মো. জমির উদ্দিন নামের ওই আসামিকে গ্রেপ্তার করেন দুদকের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. রিয়াজউদ্দিন।
মো. জমির উদ্দিনের বাড়ি মহেশখালী উপজেলার মাতারবাড়ীর মিয়াজীর পাড়া এলাকায়।
দুদকের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বলেন, মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য ২০১৪ সালে অনেকগুলো চিংড়িঘের অধিগ্রহণ করা হয়। ওই রকম একটি ঘেরের মালিক না হওয়া সত্ত্বেও জাল কাগজপত্র দেখিয়ে মালিক সেজে ২ কোটি ৪ লাখ ১ হাজার ৪৭৭ টাকা আত্মসাৎ করেন জমির উদ্দিন। বিষয়টি জানাজানি হওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসন তাঁর বিরুদ্ধে ওই বছরের ৭ ডিসেম্বর মামলা করে।
আবদুল আজিজ ভূঁইয়া বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্তের প্রয়োজনে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।