চট্টগ্রামে একাংশের সমর্থকদের হাতে বিএনপি নেতা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা দলের তৃণমূল একজন নেতাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেগম জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাসমাবেশ সফল করার জন্য গতকাল সোমবার বিকেলে একাংশের নেতা-কর্মীরা নগরের দলীয় কার্যালয় দোস্ত ভবনে সভা করতে গেলে এ ঘটনা ঘটে।জানা গেছে, লাঞ্ছিত ব্যক্তির নাম রমজান আলী। তিনি সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। দোস্ত ভবনের ফাঁকা কার্যালয়ে পেয়ে অন্য অংশের নেতা-কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেন। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন দলের ইউনিয়ন নেতা রমজানকে নাজেহাল ও পোস্টার ছেঁড়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে আমরা সবাই শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক। কোনো সৈনিক খালেদা জিয়া কিংবা তারেক রহমানের ছবি ছিঁড়তে পারেন না। দোস্ত ভবনের কার্যালয়ে যারা পোস্টার ছিঁড়েছে, তারা বিএনপির কেউ নয়। তাদের পরিচয় বের করা দরকার।’ দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে বেগম জিয়ার মহাসমাবেশ সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারীরা গতকাল বিকেলে একটি সভার আয়োজন করেন। এ সভার উদ্যোক্তা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইফতেখার মহসীন চৌধুরী। এ সময় বোয়ালখালী উপজেলা বিএনপির বিদ্রোহী কমিটির আহ্বায়ক আজিজুল হক ও চন্দনাইশ উপজেলা বিএনপির বিদ্রোহী কমিটির সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু উপস্থিত ছিলেন। সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা দোস্ত ভবনের কার্যালয়ে সভা করেন। বেলা তিনটার দিকে সভা শেষ করে নেতারা যে যাঁর মতো চলে যান। এরপর ইফতেখার, আজিজুল ও এম এ হাশেম রাজুসহ তাঁদের অনুসারী নেতা-কর্মীরা দোস্ত ভবনে যান। এ সময় তাঁদের অনুসারীরা রমজানকে শার্টের কলার ধরে টানাটানি করেন এবং ধাক্কা দেন। আজিজুল অবশ্য দাবি করেন, ‘বেগম জিয়ার মহাসমাবেশ সফল করতে আমরা দলীয় কার্যালয়ে সভা ডাকি। জাফরুল-মহিউদ্দিনের একজন সমর্থককে কাছে পেয়ে ছেলেপেলেরা একটু হইচই করে।’ দলীয় কার্যালয়ে পোস্টার ছেঁড়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা কেন পোস্টার ছিঁড়তে যাব? আমরা দলের ত্যাগী নেতা-কর্মী।’ প্রসঙ্গত, ২৯ মার্চ নগরের লালদীঘি মাঠে খালেদা জিয়ার মহাসমাবেশ হওয়ার কথা।