চট্টগ্রামে একাদশ শ্রেণীর ভর্তি ফরম বিতরণ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সোমবার থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি ফরম দেওয়া হচ্ছে। বোর্ড কর্তৃপক্ষ গতকাল রোববার এসব প্রতিষ্ঠানে ভর্তিসংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বলে জানা গেছে। বোর্ড সূত্রে জানা গেছে, সময়স্বল্পতার কারণে এ বছর সব প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি-কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। নগরের সরকারি কমার্স কলেজ প্রথমবারের মতো অনলাইনে ভর্তি-কার্যক্রম চালু করেছে। এ ছাড়া তিনটি সরকারি কলেজের ওয়েবসাইট থেকে ভর্তি ফরম নামিয়ে (ডাউনলোড) তা পূরণ করে কলেজে জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কলেজগুলো হলো: সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি কমার্স কলেজ ও সরকারি মহিলা কলেজ। এসব কলেজে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা বাসায় বসেই অনলাইনে ফরম সংগ্রহ করতে পারবে। পরে তা কলেজে জমা দিলেই চলবে।বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৯০টি সরকারি-বেসরকারি কলেজে আজ থেকে ভর্তি ফরম দেওয়া হবে। ভর্তি ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৯ জুন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আগামী বছর থেকে একাদশ শ্রেণীর পুরো ভর্তি-কার্যক্রম অনলাইনে হবে। এবার আমাদের হাতে কম সময় থাকায় সব কলেজে তা সম্ভব হচ্ছে না।’সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ‘আমরা প্রথমবারের মতো পুরো ভর্তি-কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ফলে শিক্ষার্থীরা অনলাইনে বসে ফরম পূরণ করে তা আবার অনলাইনেই আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবে।’ কলেজের ওয়েবসাইট ঠিকানা, www.ctgcommercecollege.gov.bdসরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম বলেন, ‘আগামী বছর থেকে আমরা অনলাইনে ভর্তি-কার্যক্রম চালু করার আশা রাখছি। এবার ম্যানুয়াল ও ডিজিটাল দুই প্রক্রিয়ায়ই ভর্তি ফরম বিতরণ করছি। আমাদের ওয়েবসাইট (www.cgwc.edu.bd)।’সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিশংকর জলদাস বলেন, ‘আমাদের কলেজের ওয়েবসাইট (www.gccc.gov.bd) থেকে ভর্তি ফরম নামিয়ে তা পূরণ করে কলেজে পাঠাতে হবে।’ সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান বলেন, ‘আমাদের কলেজের ওয়েবসাইটে (www.mohsincollege.gov.bd) গিয়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে তার একটি কপি (প্রিন্ট আইট) কলেজে জমা দিতে হবে।’