চট্টগ্রামে একে-২২ রাইফেল উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ দিকে মইজ্জারটেক এলাকায় চীনের তৈরি অত্যাধুনিক একে-২২ রাইফেল ও আটটি গুলি উদ্ধার করেছে পুলিশ।গত বুধবার রাতে পুলিশ নিরাপত্তা চৌকি বসিয়ে এক যুবককে ধাওয়া করলে যুবক অস্ত্রটি রেখে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়।পুলিশ সূত্র জানায়, একে-২২ রাইফেল একে-৪৭ রাইফেলের নতুন সংস্করণ। এই রাইফেলের গুলি ছোট আকৃতির। কাছ থেকেই যুদ্ধ করার জন্য এ অস্ত্রটি খুবই উপযোগী বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। হাইতির গৃহযুদ্ধে এ অস্ত্র ব্যবহার হয় বলে জানা গেছে।অস্ত্রটি উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে বলা হয়, চট্টগ্রামে একে-২২ রাইফেল উদ্ধারের ঘটনা এই প্রথম।নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার রাত আটটার দিকে কক্সবাজার প্রান্ত থেকে ছেড়ে আসা একটি বাস মইজ্জারটেকের সিএনজি ফুয়েলিং স্টেশনের সামনে থামে। এ সময় একটি স্কুলব্যাগ কাঁধে নিয়ে এক যুবক বাস থেকে নামেন। সেখানে পুলিশের নিরাপত্তা চৌকি ছিল। কর্তব্যরত পুলিশ ওই স্কুলব্যাগে কী আছে জিজ্ঞেস করতেই যুবকটি দৌড়ে আরেকটি চলন্ত বাসে উঠে শহরের দিকে পালিয়ে যান।পুলিশ কমিশনার আরও জানান, এ সময় পুলিশ স্কুলব্যাগটি তল্লাশি করে চীনের তৈরি অত্যাধুনিক একে-২২ রাইফেল, আটটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, সামরিক বাহিনী কেবল এ ধরনের অস্ত্র ব্যবহার করে। আর অস্ত্রগুলো তৈরি হয় সামরিক বাহিনীর পোশাকের রঙের সঙ্গে মিল রেখে।