ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী দাবি করেছেন, চট্টগ্রামে একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হওয়া তিন শিবির ক্যাডারের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে তাঁকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে পরিবেশিত সংবাদ উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক। গতকাল সোমবার ফেনী পৌরসভার সম্মেলনকক্ষে মেয়র নিজাম হাজারী সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চট্টগ্রামে একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র নিয়ে তিন শিবির ক্যাডার গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়িয়ে বক্তব্য দিয়েছে। আমি চট্টগ্রামে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকাবস্থায় কারাভোগ করেছিলাম। কারাগারে আমার সামনে শিবির ক্যাডার সাজ্জাদসহ তাঁর ক্যাডার বাহিনী শেখ হাসিনার নামে কটূক্তি করলে আমি প্রতিবাদ করি। সে শত্রুতার জের ধরে তারা আমার নামে মিথ্যা বক্তব্য দিচ্ছে।’ নিজাম হাজারী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘অতীতে যারা ফেনীকে অশান্ত করে রেখেছিল, তাদের অশুভ হাত রয়েছে কি না, তাও আপনারা খতিয়ে দেখুন।’