চট্টগ্রামে এজলাসে বোমা হামলার দুই মামলার শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবি জঙ্গিদের বোমা হামলার দুটি মামলার শুনানি পিছিয়েছে। আদালত আগামী ৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরের আদালতে মামলা দুটির শুনানির দিন ধার্য ছিল।
২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জেএমবির জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়। সেদিন বইয়ের ভেতরে বোমা লুকিয়ে আদালতে এনে প্রায় একই সময়ে ভিন্ন দুটি কক্ষে দুজন বিচারকের এজলাসে তা ছুড়ে মারে জঙ্গিরা। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়। বর্তমানে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটির বিচার চলছে। কিন্তু ওই আদালতে তিন মাস ধরে বিচারক না থাকায় এখন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরের আদালতে দুটি মামলার শুনানি চলছে।
সরকারি কৌঁসুলি (পিপি) আবিদ হোসেন জানান, মামলা দুটিতে গ্রেপ্তার হওয়া আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করা হবে। এরপর যুক্তিতর্ক শুনানি শুরু হবে। তারপর রায় ঘোষণা হতে পারে। বিচারক না থাকায় শুনানির দিন পিছিয়ে যাচ্ছে।
মামলা দুটির আসামিরা হলেন জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শাহাদাত আলী ও জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান। এর মধ্যে দুজন কারাগারে রয়েছেন। জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে আড়াই বছর আগে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরে তাঁকে আর গ্রেপ্তার করা যায়নি।