চট্টগ্রামে এতিম শিশুদের জন্য এইচএসবিসি ও বন্ধুসভার ইফতার
গায়ে ঘিয়া রঙের পাঞ্জাবি, মাথায় টুপি। মিটিমিটি হাসিতে উজ্জ্বল জাহিদুল ইসলামের ছোট্ট মুখটা। বলল, ‘২০টি রোজা চলে গেল। কিন্তু বিরিয়ানি খেতে পারিনি। আজ ইফতারির সঙ্গে বিরিয়ানি দেওয়া হয়েছে। আল্লাহ আমার আশা পূর্ণ করেছে।’ শুধু জাহিদ নয়, হরেক পদ দিয়ে ইফতার করে দারুণ খুশি চট্টগ্রামের কদম মোবারক মুসলিম এতিমখানার তিন শতাধিক শিশু। এইচএসবিসি আমানাহ ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল বুধবার এতিম শিশু ও দুস্থদের ইফতারি ও সেহির খাওয়ানো হয়। গতকাল ইফতারির সময় উপস্থিত ছিলেন এইচএসবিসির চট্টগ্রাম বিভাগীয় প্রধান সৈয়দ জাবেদ নূর, শাখা ব্যবস্থাপক রকিবুর রহমান, ব্যবস্থাপক (বিপণন) ইফতেখার হাসান ও প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।ছেলের হাত ধরে ইফতার অনুষ্ঠানে আসেন দৃষ্টিপ্রতিবন্ধী আবদুস সালাম। তিনি বলেন, ‘আমি কদম মোবারক মসজিদের সামনে ভিক্ষা করি। এতিম শিশুরা আজ খবর দিল ভালো ইফতারি খাওয়ানো হবে। তাই চলে এলাম।’কদম মোবারক মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চবিদ্যালয়ের প্রধান মাওলানা রিদুয়ানুল হক বলেন, ‘প্রথম আলো এবং এইচএসবিসির এ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।’ ইফতার আয়োজনে সহযোগিতা করেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন, সভাপতি জিয়াউল হক, সহসভাপতি সিরাজুম মুনিরা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, শিহাব, নাহিদা, পুষ্পা, সজিব, মিজান, আনোয়ার, রনি ও মামুন।