নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) শেষ মুহূর্তে অনুমতি প্রত্যাহার করায় চট্টগ্রামে ইংরেজি বর্ষবরণের কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছে এনটিভি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে কনসার্টটি গতকাল শনিবার রাত সোয়া আটটা থেকে এনটিভিতে সরাসরি সম্প্রচারের কথা ছিল।সিএমপি ‘একেএস স্টিল ধামাকা’ শীর্ষক অনুষ্ঠানের অনুমতি দিয়ে গত ৮ ডিসেম্বর এনটিভিকে চিঠি দেয়। গত শুক্রবার দুপুর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সহায়তার কথা জানায় সিএমপি। ওই দিন সন্ধ্যায় সিএমপির পক্ষ থেকে কনসার্ট আয়োজনের অনুমতি বাতিলের চিঠি দেওয়া হয়।এ প্রসঙ্গে গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রশ্ন করে হলে এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ বলেন, ‘উনারা (পুলিশ) আমাদের যে চিঠি দিয়েছেন, তাতে নিরাপত্তাজনিত কারণের কথা বলা হয়েছে।’এ সময় এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার সিএমপির চিঠির উদ্ধৃতি দিয়ে বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর ইপিজেডসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক জনবল মোতায়েন করা দরকার। কিন্তু কর্মকর্তাসহ প্রয়োজনীয় লোকবলের অভাব থাকায় কনসার্ট ও আতশবাজির অনুষ্ঠানে পুলিশ মোতায়েন সম্ভব নয়।’পুলিশের ব্যাখ্যায় সন্তুষ্ট কি না জানতে চাইলে এনটিভির জ্যেষ্ঠ দুই কর্মকর্তা কোনো মন্তব্য করতে চাননি। তাঁরা বলেছেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার পরও অনুষ্ঠানটি আয়োজন করতে না পারায় তাঁরা দেশে-বিদেশে বেসরকারি টেলিভিশনটির অগণিত দর্শকের কাছে দুঃখ প্রকাশ করছেন।প্রতিবছর এনটিভি বর্ষবরণের কনসার্টটি পর্যটন শহর কক্সবাজারে আয়োজন করলেও এবার অনুষ্ঠানস্থল পাল্টানো হলো কেন, জানতে চাইলে মোস্তফা কামাল সৈয়দ বলেন, কক্সবাজারের জন্য অনুমতি পাওয়া যায়নি। এ কারণে অনুষ্ঠানটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।মোস্তফা কামাল সৈয়দ জানান, গত বছর কক্সবাজারে অনুষ্ঠিত কনসার্টটিই আজ রাত সাড়ে ১১টা থেকে এনটিভিতে পুনঃপ্রচার করা হবে।সংবাদ সম্মেলনের শুরুতে মোস্তফা কামাল সৈয়দ জানান, কনসার্ট আয়োজনের অনুমতি চেয়ে গত ৩১ নভেম্বর সিএমপির কাছে অনুমতি চায় এনটিভি কর্তৃপক্ষ। পরে ৮ ডিসেম্বর সিএমপি অনুমতি দিয়ে এনটিভিকে একটি চিঠি দেয়। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়।শুক্রবার সকালে সিএমপি থেকে এনটিভি তাদের অনুষ্ঠানের বিষয়টি পুনরায় নিশ্চিত করে নেয়। তবে সন্ধ্যায় সিএমপির পক্ষ থেকে কনসার্টটি বাতিল করে একটি চিঠি দেওয়া হয়। শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করায় এনটিভি ও স্পন্সর প্রতিষ্ঠান বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে।