চট্টগ্রামে এবার উড়োজাহাজের শৌচাগারে মিলল ১৬ কেজি স্বর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের শৌচাগার থেকে গতকাল বুধবার কালো কাপড়ে মোড়ানো অবস্থায় ১৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই সোনার বারের ওজন ১৬ কেজি ১০০ গ্রাম। যার বাজারমূল্য ছয় কোটি ৯০ লাখ টাকা। বিমানের ওই ফ্লাইটটি দুবাই থেকে এসেছে।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. পারভেজ আল জামান প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এর পরই উড়োজাহাজের ক্যাপ্টেন কালো কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকার কথা জানান। পরে শৌচাগারে তল্লাশি করে এসব সোনার বার জব্দ করা হয়।’

কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, সোনার বার ধরা পড়লেও পাচারকারীকে শনাক্ত করা যায়নি। সোনার বারটি চট্টগ্রাম কাস্টম হাউসের কাস্টডিয়ান শাখায় জমা দেওয়া হবে। এরপর যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।