চট্টগ্রামে এবার তিন কোটি টাকার সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি সোনার বারের চালান আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের ছয় কেজি ২৯৮ গ্রাম ওজনের সোনার বার আটক করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
বিমানবন্দর শুল্ক বিভাগ জানায়, দোহা-দুবাই হয়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ০৪৮) চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে সকাল ১০টা ৪০ মিনিটে। উড়োজাহাজটি ঢাকায় যাওয়ার কথা ছিল। এ সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শুল্ক কর্মকর্তারা তিনজন যাত্রীর জুতার ভেতর থেকে ৫৪টি সোনার বার উদ্ধার করেন। আটক তিন যাত্রী হলেন রিয়াজউদ্দিন, মো. আইয়ুব ও ওসমান গণি। তাঁদের গন্তব্য ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মশিয়ার রহমান জানান, আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় মামলা করা হবে।
এর আগে গত মঙ্গলবার ৪৬ কোটি টাকার ১০৭ কেজি সোনার বার উদ্ধার করা হয়।