চট্টগ্রাম নগরে এবার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নগরের বাকলিয়া রসুলবাগ এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে বোমা তৈরির সময় ওই বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ ওই বাসায় তল্লাশি চালিয়ে গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আনসারুল্লাহ ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে আনসারুল্লাহর ভাই নসরুল্লাহ পালিয়ে গেছেন। ২৪ অক্টোবর নাশকতা সৃষ্টির জন্য ওই বাসায় বোমা তৈরি করা হচ্ছিল।
৭ অক্টোবর নগরের লালখান বাজার এলাকায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত মাদ্রাসায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানায়, নগরের বাকলিয়া এলাকায় হরতালসহ বিভিন্ন কর্মসূচিতে এই দুই ভাই ঝটিকা মিছিলে অংশগ্রহণসহ ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটাতেন।
নগরের বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘রসুলবাগ এলাকার তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে বোমা তৈরি করছিল দুই সহোদর আনসারুল্লাহ ও নসরুল্লাহ। বোমা তৈরির সময় মঙ্গলবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ হয়েছে বলে তাঁরা দাবি করেন। বিস্ফোরণে ফ্রিজের দরজা ও জানালা উড়ে গেছে। পুরো কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির সরঞ্জাম, গান পাউডারসহ বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করেছে।
ঘটনাস্থল থেকে আনসারুল্লাহ ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। আনসারুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রীকে বাকলিয়া থানায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
ওসি বলেন, এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। নসরুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।