চট্টগ্রামে এবার হরতালের নৃশংসতার শিকার শিশু
এবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নৃশংসতার শিকার হলো কর্মজীবী শিশু মো. বাবুল (১৩)। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের মিয়াখান এলাকায় হরতাল-সমর্থকদের ছোড়া একটি ককটেল বাবুলের বাঁ হাতে লাগে। এতে সে রাস্তার ওপর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় ইউসেফ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র বাবুল জানায়, ‘আমি বাবার গ্যারেজ থেকে তক্তার পোলের বাসায় ফিরছিলাম। মিয়াখান সওদাগরের পোলের কাছাকাছি পৌঁছলে হঠাৎ একটি শব্দ হয়। আমার হাতে কী যেন লাগে। এরপর আমি পড়ে যাই। পরে দেখি, হাত থেকে রক্ত ঝরছে।’ বাবার অনুপস্থিতিতে বাবুল গ্যারেজে গাড়ি পাহারা দিত বাবুল। গতকালও গাড়ি পাহারা শেষে দুপুর একটার দিকে বাসায় খেতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। বাবুলের বাবা মো. কুদ্দুুছ একটি গ্যারেজে পাহারাদার হিসেবে কাজ করেন। বাবার কাজে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় ইউসেফ স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে সে। তাদের বাসা বাকলিয়া তক্তারপুল এলাকায়। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। চার ভাই এক বোনের মধ্যে বাবুল সবার ছোট। তার মা হাসনে আরা বেগম বলেন, ‘বাপ ছাড়া কেউ তেমন কোনো কাজ করে না। অভাবের সংসার। এর মধ্যে এই ঘটনা। ওষুধের টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছি। ডাক্তার বলেছেন রক্ত লাগবে। কিন্তু রক্ত পাব কোথায়?’চিকিৎসকেরা জানিয়েছেন, বাবুলের অত্যধিক রক্তক্ষরণ হয়েছে। তার বাঁ হাতের কনুইয়ের ওপর অংশে ককটেলের স্প্লিন্টার ঢুকেছে। প্রাথমিক ব্যবস্থা হিসেবে রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। ক্যাজুয়ালটি ওয়ার্ডের কর্মকর্তা রানা চৌধুরী প্রথম আলোকে বলেন, তার হাতে অস্ত্রোপচার করতে হবে। স্প্লিন্টার কী অবস্থায় আছে তা দেখতে হবে। এ ছাড়া তাকে রক্ত দিতে হবে।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘হরতালকারীদের ছোড়া বিস্ফোরক দ্রব্যে বাবুল আহত হয়। আমরা জড়িত কয়েকজনের নাম পেয়েছি। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।’এর আগে গত ১৫ জুলাই জামায়াত-শিবিরের হরতাল চলাকালে নগরের আগ্রাবাদে জামাল উদ্দিন নামের এক যুবক ককটেলের আঘাতে গুরুতর আহত হন।একই দিন ভোরে হরতালকারীদের আগুনে মো. কামাল উদ্দিন ও মো. ইউসুফ নামের দুই ট্রাক শ্রমিক অগ্নিদগ্ধ হন। এ ছাড়া গতকাল মিরসরাই উপজেলায় জামায়াত-শিবিরের ছোড়া ককটেলে কারখানা শ্রমিক মো. আরমান আহত হয়েছে।