চট্টগ্রামে এবারও মেয়েরা পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে রয়েছে। গত দুই বছরেও মেয়েরা ছেলেদের অতিক্রম করতে পারেনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, পারিবারিক বৈষম্য, শিক্ষকদের বিশেষ পরিচর্যা ও নির্দেশনার অভাব ইত্যাদি কারণে মেয়েরা পিছিয়ে থাকতে পারে। চট্টগ্রাম খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘বোর্ডের খাতা নিরীক্ষণের সুবাদে আমার মনে হয়েছে, শহরের তুলনায় গ্রামের মেয়েরা খুবই পিছিয়ে রয়েছে। তারা এ ক্ষেত্রে শিক্ষক এবং পরিবারের কাছ থেকে কোনো রকমের ইতিবাচক সহযোগিতা পাচ্ছে না। ফলে তাদের পক্ষে প্রতিভা মেলে ধরা সম্ভব হচ্ছে না।’চট্টগ্রাম বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জেএসসি পরীক্ষার শুরু থেকেই মেয়েরা ফলাফলের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। গত বছর থেকে মাধ্যমিক পর্যায়ে জেএসসি পরীক্ষা চালু হয়। আর সে বছরও ছেলেদের তুলনায় পিছিয়ে ছিল মেয়েরা। বোর্ড সূত্রে জানা যায়, ২০১০ সালে যেখানে ছেলেদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৯৫, সেখানে মেয়েরা পাস করেছে ৬৬ দশমিক ৩৫ শতাংশ। ছেলেদের তুলনায় তারা পিছিয়ে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। চলতি বছর পাসের হারের এ পার্থক্য কমে এলেও এটিকে আশানুরূপ অগ্রগতি বলা যায় না বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, মেয়েদের পড়াশোনার ব্যাপারে এখনো গ্রামগঞ্জে সামাজিক পরিবেশ অনুকূলে নয় । ফলে তাদের পড়ানোর ব্যাপারে একদিকে যেমন বাবা-মায়ের অনাগ্রহ রয়েছে, তেমনি শিক্ষকদেরও এদের প্রতি মনোযোগের অভাব রয়েছে। সব মিলিয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও মেয়েরা এগিয়ে আসার সুযোগ পায় না।উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে এক হাজার ৭৯টি বিদ্যালয়ের ৬৯ হাজার ৪৫৬ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৬৯ দশমিক ৭৫ শতাংশ। অপরদিকে ৫৪ হাজার ৮০৪ জন ছেলে শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৬ দশমিক ৩২ শতাংশ।