চট্টগ্রামে এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩
নগরের ওমরগনি এমইএস কলেজে গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে শওকত হোসেন নামের হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের এক ছাত্র গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।দলীয় সূত্র জানায়, কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ও সংগঠনের নগর কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও নগর কমিটির দপ্তর সম্পাদক আরশেদুল আলমের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের সবাই আরশেদুলের সমর্থক বলে জানা গেছে।শওকত ছাড়া আহত অন্য দুজন হলেন হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের মো. জুয়েল ও দ্বাদশ শ্রেণীর মো. মাহমুদ। তাঁরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম জানান, ছাত্রদের দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সামান্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিয়ার রহমান জানান, ছাত্রলীগের দুই পক্ষে সামান্য মারামারির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে শওকতের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে চামড়ার সঙ্গে ঝুলে আছে।